নেতানিয়াহুকে খুব একটা বিশ্বাস করতাম না: বাইডেন
ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুব একটা বিশ্বাস করতেন না বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ বইয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং বিশ্বনেতাদের নিয়ে নিজের মূল্যায়নের কথা তুলে ধরেছেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর প্রকাশিত এই বইটিতে এক মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে নিজের শাসনামলের নানা গুরুত্বপূর্ণ ঘটনা পর্যালোচনা করেছেন বাইডেন।
বইয়ে নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের বিষয়ে বাইডেন লিখেছেন, ইসরায়েলি এই নেতা দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিতেন। বাইডেনের ভাষায়, তাদের দুজনের মধ্যে আস্থা বা বিশ্বাসের জায়গাটি খুব একটা ছিল না। এমনকি নেতানিয়াহুর আচরণে ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু প্রবণতা দেখতেন বলেও উল্লেখ করেছেন তিনি। বাইডেনের অভিযোগ, নেতানিয়াহু সত্যকে নিজের সুবিধামতো উপস্থাপন করতে পারতেন এবং ব্যক্তিগত স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করতেও দ্বিধা করতেন না।
তবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে গাজায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির মৃত্যু তাকে ‘গভীরভাবে ব্যথিত’ করেছে বলেও বইয়ে উল্লেখ করেছেন তিনি।
আফগানিস্তান থেকে ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষেও যুক্তি তুলে ধরেছেন বাইডেন। তার মতে, পরিস্থিতি একই থাকলে আবার প্রেসিডেন্ট হলেও তিনি একই সিদ্ধান্ত নিতেন। যদিও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। বাইডেন জানান, তাকে আশ্বস্ত করা হয়েছিল যে মার্কিন সেনারা চলে যাওয়ার পরও আফগান সরকার অন্তত ছয় মাস টিকে থাকতে পারবে, কিন্তু বাস্তবে কয়েক দিনের মধ্যেই সরকারের পতন ঘটে। উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
বিশ্বের অন্যান্য শীর্ষ নেতাদের নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণকে তিনি ‘খিটখিটে’ বলে বর্ণনা করেছেন। বাইডেনের ভাষ্য, দ্বিপাক্ষিক বৈঠকের সময় পুতিন ইচ্ছা করেই গা এলিয়ে বসতেন এবং কিশোরের মতো অনাগ্রহী থাকার ভান করতেন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভূয়সী প্রশংসা করে বাইডেন লিখেছেন, অভিনেতা হিসেবে জেলেনস্কির অতীত অভিজ্ঞতা যুদ্ধকালীন নেতৃত্বের জন্য বেশ কাজে লেগেছে। তার মতে, অভিনয়ের সেই অভিজ্ঞতা একজন যুদ্ধকালীন নেতার জন্য ‘খুব ভালো প্রশিক্ষণ’ হিসেবে কাজ করেছে।
সূত্র: আনাদোলু
