জীবিত ফিরতে পারব কি না জানি না: খোলা চিঠিতে কারাবন্দি ইমরান খান
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের এবং স্ত্রী বুশরা বিবির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। যথাযথ চিকিৎসার অভাবে তার জীবন চরম ঝুঁকির মুখে পড়তে পারে বলেও গভীর আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে ইমরান খান এসব কথা বলেন। তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
খোলা চিঠিতে ইমরান খান নিজের শারীরিক অবস্থার অবনতির বিবরণ তুলে ধরে জানান, কারাগারে দীর্ঘ সময় বিচ্ছিন্ন অবস্থায় রাখার কারণে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে। তার দাবি অনুযায়ী, ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। এছাড়া গত ১০ নভেম্বর তার রক্তচাপ বিপজ্জনকভাবে ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠে গিয়েছিল। এ অবস্থায় চিকিৎসকরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন।
কারাগারের ভেতরের পরিবেশ নিয়ে অভিযোগ তুলে ইমরান জানান, তাকে দিনের প্রায় ২২ ঘণ্টাই নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হচ্ছে এবং পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করে দেওয়া হয়েছে। গত এক বছরে তিনি তার আইনজীবীর সঙ্গে মাত্র চারবার দেখা করার অনুমতি পেয়েছেন। এমনকি তার দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খানের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।
নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি জানান, গত এপ্রিলে বুশরা বিবি চোখের রেটিনার জটিলতায় আক্রান্ত হন এবং তার অস্ত্রোপচার করাতে হয়। চলতি মাসে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি দেখেছেন, বুশরা বিবি আলো সহ্য করতে পারছেন না এবং ঠিকমতো চোখও খুলতে পারছেন না। দ্রুত আরেকটি অস্ত্রোপচার করা না হলে তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে ইমরান উল্লেখ করেন।
আদালতের আদেশ অমান্য করার অভিযোগ তুলে চিঠিতে ইমরান বলেন, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু আদালতের সেই নির্দেশ এখনো কার্যকর করা হয়নি।
চিঠির শেষাংশে ইমরান খান স্পষ্ট করেন যে তিনি আদালতের কাছে বিশেষ কোনো সুবিধা চাইছেন না, বরং কেবল পূর্বের আদেশগুলো কার্যকর করা এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। আবেগঘন ভাষায় তিনি লেখেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। অনেক দেরি হওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।’
উল্লেখ্য, ইমরান খান ও বুশরা বিবি বর্তমানে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। অন্যদিকে, তোশাখানা-২ মামলায় গত বছরের জানুয়ারিতে গ্রেফতার হন বুশরা বিবি এবং ওই মামলায় দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সূত্র: ডন
