‘আমরা ভেনেজুয়েলা বা কিউবা না, এবার আগে হামলা চালানোর ইঙ্গিত ইরানের’
ছবি: সংগৃহীত
এবার আর যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা করবে না ইরান। যদি কোনো হামলার শঙ্কা তৈরি হয় তাহলে ইরানই আগে হামলা চালাবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটিরর উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
তিনি অভিযোগ করেছেন, নতুন করে হামলা চালানোর জন্য কূটনীতিকে ব্যবহার করে সময়ক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্র।
কাজে বলেছেন, ইরান কিউবা বা ভেনেজুয়েলাও নয় যে, ইরানকে অবরুদ্ধ অথবা জোর করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে মার্কিনরা।
বার্তাসংস্থা ফার্স নিউজকে এক সাক্ষাৎকারে রোববার (১৫ নভেম্বর) তিনি বলেন, “ইরান কিউবা নয় যে আপনি অবরুদ্ধ করতে পারবেন। এটি ভেনজুয়েলাও নয় যেন আপনি আত্মসমর্পণে বাধ্য করতে পারবেন। মার্কিন সেনারা এখন পর্যন্ত আকাশ ও স্থল অবরোধের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এছাড়া বিপ্লবী গার্ড এখন নতুন রেঞ্জের মিসাইল তৈরি করছে বলেও দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরানের সঙ্গে এ মুহূর্তে তাদের যুদ্ধও নেই আবার শান্তিও নেই। তবে এটিকে প্রত্যাখ্যান করেছেন কাজেম। তিনি বলেছেন, ইরান এখনো যুদ্ধেই আছে।
তিনি বলেন, “আইনি দিক দিয়ে আমার ব্যক্তিগত বিশ্বাস, আমরা এখনো যুদ্ধে আছি।”
গতকাল সকালে ইরান বাহরাইনে একটি হেলিকপ্টার ঘাঁটিতে হামলা চালায়। সেখানে থাকা মার্কিনিদের রাডারকে টার্গেট করা হয় বলে পরবর্তীতে জানায় বিপ্লবী গার্ড। তবে বাহরাইন দাবি করেছে, ইরানের ছোড়া ড্রোনগুলো তারা প্রতিহত করে দিয়েছে।
সূত্র: ফার্স নিউজ
