চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে ফের স্বাভাবিক হলো ফ্লাইট চলাচল
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে উড়োজাহাজ চলাচল। পুরোনো প্রযুক্তিগত সরঞ্জামের (হার্ডওয়্যার) সমস্যার কারণে দেশটির আকাশপথে এই অচলাবস্থা তৈরি হয়েছিল বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি।
স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে শন ডাফি বলেন, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। পুরোনো হার্ডওয়্যারের সমস্যার কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, এ ঘটনায় সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটি জড়িত থাকার সম্ভাবনা নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এটি কোনো সাইবার হামলার ঘটনা নয়। একই সঙ্গে মাইক্রোসফটের প্রযুক্তিগত কোনো সমস্যার কারণেও ফ্লাইট চলাচল বন্ধ হয়নি।
ফলে যুক্তরাষ্ট্রের আকাশপথে কয়েক ঘণ্টার এই অচলাবস্থার পেছনে পুরোনো প্রযুক্তিগত অবকাঠামোর ত্রুটিকেই সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।
চার ঘণ্টার এই বিপর্যয়ে ঠিক কতগুলো ফ্লাইট প্রভাবিত হয়েছে, সে বিষয়ে পরিবহনমন্ত্রীর বক্তব্যে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
