শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান প্রসঙ্গ এড়িয়ে গেলেন জয়সোয়াল
নয়াদিল্লি চায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য সামরিক বিমান পাঠাক—গণমাধ্যমে প্রকাশিত এই খবর নিয়ে প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে এ প্রসঙ্গ তোলেন একজন সাংবাদিক।
ওই সাংবাদিক প্রশ্নে বলেন, কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে যে নয়াদিল্লি চায় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি থেকে ফিরিয়ে নেওয়ার জন্য একটি সামরিক বিমান পাঠাক, তাঁকে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং ২০২৪ সালের দমনপীড়নের জন্য নতুন করে তাঁর বিচার হোক। এ বিষয়ে কোনো নিশ্চয়তা বা যোগাযোগ হয়েছে কি? এই প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেছেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’
ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ঘিরে আরও প্রশ্ন করা হয়। এক সাংবাদিক প্রশ্নে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন কি স্থলবন্দর দিয়ে নাকি আকাশপথে হবে, তা জানতে চান। জানতে চাওয়া হয়, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত সরকারের আদৌ কোনো প্রস্তুতি রয়েছে কি না কিংবা ভারত সরকার এই জটিল বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কি না। জয়সোয়াল এসব প্রশ্নের কোনো জবাব দেননি। কোনো মন্তব্যও করেননি।
জুলাই গণ–অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণ করতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের কাছ থেকে এখনো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন বলে সম্প্রতি খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে এমন ধারণা দেওয়া হয়েছে যে ভারতের সম্মতি ছাড়া হাসিনা দেশে ফেরার ঘোষণা দেননি। তবে সে ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথা বলা হয়েছে। প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাঁকে ফিরিয়ে নিতে হলে সে কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। সেই প্রত্যাবর্তন স্থলপথে হতে পারে, আকাশপথেও হতে পারে। দ্বিতীয় শর্ত, হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান, জুলাই গণহত্যার বিচার যাতে নতুন করে শুরু হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
আজকের ব্রিফিংয়ে এ ধরনের প্রতিবেদনের উল্লেখ করে জানতে চাওয়া হয়, এর কোনো সত্যতা আছে কি না। কিংবা এ ধরনের উদ্যোগের খবর অসত্য, এমন কিছু সরকার বলবে কি না। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বারবার বলেছেন, এ বিষয়ে তাঁর বলার বা মন্তব্য করার কিছুই নেই।
প্রশ্নের জবাবে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে জয়সোয়াল বারবার বলা সেই কথারই পুনরাবৃত্তি করেছেন। বলেছেন, ‘প্রত্যর্পণের বিষয়টি আইনি ব্যাপার। আইনি পথেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
