এক সপ্তাহে প্রায় ১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত তল্লাশি অভিযানে এসব ঘটনা শনাক্ত করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় সীমান্তরক্ষীরা ১ হাজার ৬৭৮ জনকে আটক করেছেন। এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আটক হয়েছেন আরও ১৮ জন।
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘন করে লোকজনকে পরিবহন, আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগের অভিযোগে আরও ২৯ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।
আইন লঙ্ঘনের ঘটনায় বর্তমানে মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী।
আটকদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে। আরও ৯ হাজার ১৩৯ জনকে দেশ ছাড়ার ব্যবস্থা করতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ৯ হাজার ৫৮৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, দেশটির ভেতরে পরিবহন করা কিংবা আশ্রয়, সহযোগিতা বা অন্য কোনো সেবা দেওয়ার অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
অভিযুক্ত ব্যক্তিদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।
মন্ত্রণালয় এসব অপরাধকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছে, যার জন্য অভিযুক্তদের গ্রেপ্তার করা হতে পারে। একই সঙ্গে আইন লঙ্ঘনের ঘটনা কর্তৃপক্ষকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।
মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং দেশটির অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে ফোন করে এ ধরনের অভিযোগ জানানো যাবে।
সূত্র: গালফ নিউজ
