ট্রেনে দুই যাত্রীর মারামারির ভিডিও ভাইরাল
ভারতের মুম্বাইয়ে একটি লোকাল ট্রেনে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে এ ঘটনায় মারামারির একপর্যায়ে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান এক যাত্রী। তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন।
রাত সাড়ে ১০টার দিকে মুম্বাইয়ের চার্চগেট-ভিরারগামী একটি দ্রুতগতির লোকাল ট্রেনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুই যাত্রী একে অপরকে ঘুষি মারছেন। এ সময় একজনের আঘাত এড়াতে পেছনে সরে যান অন্য যাত্রী। এতে তিনি চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান।
ওই যাত্রী মুম্বাই সেন্ট্রাল স্টেশনের কাছে রেললাইনের ওপর পড়ে যান। ট্রেনটি তখন তুলনামূলক ধীরগতিতে চলছিল। এ কারণেই তিনি প্রাণে বেঁচে যান।
সূত্র: এনডিটিভি
