বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা যোগী আদিত্যনাথের
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা দিয়েছেন, দীপাবলি ও হোলি উৎসবে দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে একটি করে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজ্যটির ১ কোটি ৮৯ লাখের বেশি সুবিধাভোগীর মধ্যে এলপিজি সিলিন্ডার পুনরায় ভরার ভর্তুকি বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি।
এ প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলোর মধ্যে এলপিজি সিলিন্ডার পুনরায় ভরার ভর্তুকি বিতরণে ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম এবং কেন্দ্রীয় সরকারের দেওয়া ভর্তুকির হিসাব তুলে ধরেন। তিনি বলেন, ‘একটি গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৯৮৩ রুপি ৪৫ পয়সা। এর মধ্যে ভারত সরকার ৩৩৫ রুপি ভর্তুকি দেয়। বাকি ৬৪৮ রুপি ৫৫ পয়সা আপনাদের নিজেদের পকেট থেকে দিতে হয়।’
মুখ্যমন্ত্রী বলেন, উজ্জ্বলা প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারগুলোকে দীপাবলি ও হোলি উৎসবে একটি করে সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, ‘এই টাকা সাশ্রয় করে আপনারা দীপাবলির মিষ্টি ও প্রদীপ কিনতে পারবেন।’
এ সময় কংগ্রেস সরকারের আমলে গ্যাস সংযোগ পাওয়ার পরিস্থিতির সঙ্গে বর্তমান সরকারের সময়ের তুলনা করেন যোগী। তিনি বলেন, ‘কংগ্রেস সরকারের আমলে একটি গ্যাস সংযোগ পেতেও অনেক ভোগান্তির মুখে পড়তে হতো। আমরা দরিদ্র পরিবারগুলোকে বিনা মূল্যে গ্যাস সংযোগ দিয়েছি। এটাই সুশাসন।’
এদিকে মঙ্গলবার এর আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অযোধ্যায় আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় দীপোৎসবকে সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন। তার ভাষ্য, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক অংশগ্রহণের মধ্য দিয়ে এ উৎসব সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে একত্র করে।
অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করতে যোগীর অযোধ্যা যাওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি
