ভারতীয় রুপির আরও দরপতনের শঙ্কা
বিদেশি বিনিয়োগের প্রবাহ দুর্বল থাকায় ভারতীয় রুপি আবারও দরপতনের মুখে পড়তে পারে। আগামী কয়েক মাসে মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম আরও কমতে পারে বলে ধারণা করছেন অধিকাংশ মুদ্রাবাজার বিশ্লেষক। আন্তর্জাতিক পরিস্থিতির অস্থিরতা, জ্বালানি তেলের উচ্চমূল্য এবং বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহার অব্যাহত থাকায় ভারতীয় মুদ্রার ওপর চাপ বাড়ছে।
এক জরিপে অংশ নেওয়া ৩৭ জন মুদ্রাবাজার বিশ্লেষকের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে প্রতি ডলারের বিপরীতে প্রায় ৯৪ দশমিক ৭০ রুপিতে লেনদেন হওয়া ভারতীয় মুদ্রার দাম আগামী জানুয়ারির শেষ নাগাদ ৯৬ রুপিতে নেমে আসতে পারে। আগামী বছরের এপ্রিলের শেষ নাগাদ তা আরও কমে ৯৬ দশমিক ৩৩ রুপিতে পৌঁছাতে পারে। গত ২ থেকে ৪ নভেম্বরের মধ্যে এই জরিপ চালানো হয়।
বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল আমদানিকারক দেশ ভারত। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চমূল্য দেশটির অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের রেকর্ড পরিমাণ পুঁজি প্রত্যাহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দরপতন এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও এসব চাপ শিগগিরই পুরোপুরি কমার সম্ভাবনা নেই।
চলতি বছরে ভারতীয় রুপির মূল্য প্রায় ৫ শতাংশ কমেছে। গত মে মাসে প্রতি ডলারের বিপরীতে রুপির দাম নেমে গিয়েছিল ৯৬ দশমিক ৯৬-এ, যা ছিল সর্বকালের সর্বনিম্ন। তবে বুধবার যুক্তরাষ্ট্রের সিনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রুপির দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে।
বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলির প্রধান ভারতীয় অর্থনীতিবিদ উপাসনা চাচরা বলেন, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগ কিংবা পুঁজি প্রবাহের প্রবণতায় নিকট ভবিষ্যতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে রুপির ওপর চাপ অব্যাহত থাকবে এবং মুদ্রাটির আরও অবমূল্যায়নের আশঙ্কা রয়েছে।
রয়টার্সের একই জরিপে অংশ নেওয়া বিশ্লেষকেরা আগামী কয়েক মাসে মার্কিন ডলারের দর কমার পূর্বাভাস দিয়েছেন। তবে ডলারের শক্তি প্রত্যাশার তুলনায় বেশি সময় ধরে বজায় থাকতে পারে বলে মনে করছেন তারা। চাচরা বলেন, বিশ্ববাজারে আর্থিক পরিস্থিতি কঠোর হলে ভারতসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর পক্ষে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হয়ে পড়ে।
জরিপে সবচেয়ে নেতিবাচক পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকা। প্রতিষ্ঠানটি গত আগস্ট থেকেই বলে আসছে, আগামী ১২ মাসে প্রতি ডলারের বিপরীতে রুপির দাম ৯৯-এ নেমে যেতে পারে। অন্যদিকে মরগান স্ট্যানলির ধারণা, ২০২৭ সালের শুরুর দিকে রুপির দাম নতুন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে পারে। তবে জরিপে অংশ নেওয়া কোনো বিশ্লেষকই রুপির দাম প্রতি ডলারে ১০০ ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেননি।
এদিকে রুপির দর ধরে রাখতে গিয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ তৈরি হয়েছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৭১৯ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ভবিষ্যতে ডলার পরিশোধের দায় বেড়ে রেকর্ড ২৩৯ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
আরবিএল ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ অনীতা রঙ্গন বলেন, ডলারের বিপরীতে রুপির বর্তমান বিনিময় হার কৃত্রিমভাবে ধরে রাখা হচ্ছে। বাজারের স্বাভাবিক পরিস্থিতিতে রুপির মূল্য বাড়ছে, বিষয়টি এমন নয়। বরং এটি সাময়িক স্থিতিশীলতা।
কেন্দ্রীয় ব্যাংক অবশ্য ডলারের বিপরীতে রুপির জন্য নির্দিষ্ট কোনো বিনিময় হার নির্ধারণ করে না। তাদের দাবি, মুদ্রাবাজারে অতিরিক্ত অস্থিরতা ঠেকাতেই তারা হস্তক্ষেপ করে। তবে চলতি বছরের অধিকাংশ মাসে নিয়মিত হস্তক্ষেপের মাধ্যমে রুপির দর ৯৫-এর কাছাকাছি ধরে রাখা হয়েছে।
ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার্সের ট্রেজারি বিভাগের প্রধান অনিল বনসালি বলেন, আরবিআই স্পষ্টভাবেই রুপির দাম ৯৫-এর আশপাশে রাখতে চায়।
কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপের কারণে ভবিষ্যতে মুদ্রার দরপতনজনিত ক্ষতি এড়াতে বিনিয়োগকারীদের সুরক্ষা নেওয়ার খরচও বেড়েছে। এতে বিদেশি বিনিয়োগকারীরা ভারতে নতুন করে পুঁজি বিনিয়োগের বিষয়ে সতর্ক হতে পারেন।
শ্রীরাম গ্রুপের প্রধান অর্থনীতিবিদ অপূর্ব জাওয়াদেকর বলেন, আরবিআইয়ের নীতির কারণে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আবার ভারতীয় বাজারে ফিরে আসা আরও কঠিন হয়ে পড়েছে। এক অর্থে, বিদেশি বিনিয়োগ ও ভবিষ্যৎ মুদ্রা বিনিময় চুক্তির বাজারে বাড়তি খরচের বিনিময়ে রুপির স্থিতিশীলতা ধরে রাখা হচ্ছে।
সব মিলিয়ে উচ্চ জ্বালানি ব্যয়, বিদেশি বিনিয়োগ প্রত্যাহার এবং কেন্দ্রীয় ব্যাংকের সীমিত নীতিগত সুযোগের কারণে আগামী কয়েক মাসেও ভারতীয় রুপির ওপর চাপ অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: রয়টার্স
