মার্কিন জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন: ওবামা
যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাট প্রার্থীদের ধারাবাহিক জয়ের প্রতিক্রিয়ায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মার্কিন জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ওবামা বলেন, ‘আজ রাতে মার্কিন জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন। তারা এমন রাজনীতি চান, যা মানুষকে বিভক্ত করার পরিবর্তে একত্র করে। তারা এমন নেতৃত্ব চান, যারা মানুষের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান দিতে পারে।’
তিনি আরও বলেন, প্রার্থীরা এমন কিছু এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখিয়েছেন, যেগুলোকে দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা কম—এমন এলাকা হিসেবে বিবেচনা করা হতো।
ওবামা বলেন, ‘বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হতে এখনো দুই বছর বাকি। তবে আমাদের এখন কাজে নেমে পড়তে হবে, আরও ক্ষতি ঠেকাতে হবে এবং ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করতে হবে।’
সূত্র: আল জাজিরা
