ডেমোক্র্যাটদের অভিনন্দন জানালেন ট্রাম্প
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষে ডেমোক্রেটিক পার্টির জয়ের পর প্রতিদ্বন্দ্বীদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলটির প্রশংসা করে তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা ভালো করেছে।
একই সঙ্গে নির্বাচনে তার দলের বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব থাকার কথাও স্বীকার করেছেন। ফক্স নিউজের উপস্থাপক ব্রেট বেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প নির্বাচনী ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী শিবিরের এমন সাফল্যে কিছুটা বিস্মিত হয়েছেন। তার ভাষ্য, রিপাবলিকানরা বড় বড় জনসভার আয়োজন করলেও ভোটের ফল প্রত্যাশার সঙ্গে মেলেনি।
ট্রাম্পের মতে, জ্বালানির বাড়তি ব্যয় সাধারণ মানুষের অসন্তোষের কারণ হয়েছে। এ পরিস্থিতি নির্বাচনে তার দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে ভোটের এ ফলকে নিজের শাসনামলের জন্য বড় কোনো ধাক্কা বলে মনে করছেন না তিনি।
আগামী দিনে আইন প্রণয়নের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের সঙ্গে সমন্বয়ের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে নির্বাচনী বিপর্যয়ের কারণে মন্ত্রিসভায় রদবদলের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন।
এদিকে ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে বড় পদক্ষেপ নিতে হতে পারে। প্রয়োজনে শক্তিশালী সামরিক হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তার বক্তব্য, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় কংগ্রেসের আইন প্রণয়ন কার্যক্রমে এখন ডেমোক্র্যাটদের প্রভাব বাড়বে। ফলে প্রেসিডেন্টের বিভিন্ন নীতিগত উদ্যোগ বাস্তবায়নে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
