সড়কের ডিজিটাল বিলবোর্ডে আপত্তিকর ভিডিও, যা বলছে কর্তৃপক্ষ
মিসরের রাজধানী কায়রোর ব্যস্ত একটি সড়কের পাশে থাকা বিশাল ডিজিটাল বিলবোর্ডে পর্নোগ্রাফি প্রদর্শিত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার হামলার কারণে ওই বিলবোর্ডে আপত্তিকর ভিডিও প্রচারিত হয়। একই সময়ে কয়েকটি দেশের বিজ্ঞাপনী পর্দাতেও একই ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গিজা এলাকায় ২৬ জুলাই করিডর সড়কে এ ঘটনা ঘটে। সেখান থেকে শেখ জায়েদ শহরের দিকে যাওয়ার পথে থাকা বিলবোর্ডে আপত্তিকর ভিডিও প্রচারের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে দেখা গেছে, বিলবোর্ডটি একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের মালিকানাধীন। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ডিজিটাল পর্দায় বিজ্ঞাপন প্রচারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করেছিল।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ওই আন্তর্জাতিক সংস্থার ওয়েবসাইট হ্যাক করা হয়। এর ফলে গিজার বিলবোর্ডসহ কয়েকটি দেশের একই ধরনের বিজ্ঞাপনী পর্দায় একযোগে আপত্তিকর ভিডিও প্রচারিত হয়।
ঘটনার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি নিরাপত্তাজনিত কারণে তাদের সব পর্দায় সম্প্রচার বন্ধ করে দেয়। সাইবার হামলার ত্রুটি শনাক্ত ও সমাধানের পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
অন্যদিকে, আল আরাবিয়া ইউনাইটেড অ্যাডভার্টাইজিং কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, অজ্ঞাতপরিচয় একটি পক্ষ তাদের একটি বিজ্ঞাপনী পর্দায় অনুমতি ছাড়াই প্রবেশ করেছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পর্দাটির সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।
এর আগে মিসরের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই করছেন কর্তৃপক্ষ। কারা ওই পর্দা পরিচালনার দায়িত্বে ছিলেন, তা শনাক্ত করার পাশাপাশি ঘটনাটি সাইবার হামলার কারণে, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
