বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা এবং জ্বালানি স্থাপনায় হামলার খবরে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ দশমিক ৭৪ ডলারে পৌঁছায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০২ দশমিক ৭২ ডলারে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই টানা চতুর্থ মাসের মতো বাড়ার পথে রয়েছে। চলতি অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে।
তেলের বাজারে এই ঊর্ধ্বগতির পেছনে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার খবর এবং হরমুজ প্রণালির নিরাপত্তাঝুঁকিকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।
ইয়েমেনের হুতি বাহিনীর দাবি, তারা সৌদি আরবের রস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করতে গিয়ে তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয়। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানির দাম ও পরিবহন ব্যয়ে আরও চাপ তৈরি হতে পারে।
তথ্যসূত্র: আল জাজিরা
