ইসরায়েল নির্বাচনে ৮৫.৬ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে কে?
ইসরায়েলের নির্বাচনে ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। দেশটির আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন, যা তাদের জন্য ঐতিহাসিক সর্বোচ্চ।
ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির ঘোষিত হিসাবে এ তথ্য উঠে এসেছে। দেশটির ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন।
নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, সাধারণ ব্যালটের প্রায় ৯৩ শতাংশ গণনা করা হয়েছে, যা মোট ভোটের ৮৫ দশমিক ৬ শতাংশ। ফল এখনো চূড়ান্ত না হলেও শিগগিরই হিসাবে পরিবর্তন আসার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।
এক বিবৃতিতে নির্বাচন কমিটি জানিয়েছে, সাধারণ ব্যালটের বাকি ৭ শতাংশ গণনা করতে আরও তদারকি প্রয়োজন। এ ছাড়া ‘ডাবল এনভেলপ’ পদ্ধতির প্রায় ছয় লাখ ভোট এখনো গণনা করা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে এসব ভোটের হিসাব যুক্ত হওয়ার কথা রয়েছে।
বর্তমানে ৩ দশমিক ২৫ শতাংশের নির্বাচনী সীমা অতিক্রম করতে পারেনি কয়েকটি দল। এর মধ্যে রিজার্ভিস্টস পেয়েছে ২ দশমিক ৬ শতাংশ, পিপল অব ইসরায়েল ১ দশমিক ৬ শতাংশ এবং হারেদি পাবলিক শূন্য দশমিক ২ শতাংশ ভোট পেয়েছে।
সূত্র: আল জাজিরা
