ট্রাম্পের সমর্থনে কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু?
সংগৃহীত
ইসরাইলের ২৬তম নেসেট (পার্লামেন্ট) নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যাশার চেয়ে ভালো অবস্থানে থাকার পেছনে নিজের সমর্থনকে বড় কারণ হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, নেতানিয়াহুকে প্রকাশ্যে সমর্থন জানানোর পরই নির্বাচনের পরিস্থিতি বদলে যায়। এতে বড় ধরনের পরাজয়ের আশঙ্কা কাটিয়ে শক্ত অবস্থানে ফিরেছেন ইসরাইলের এই প্রধানমন্ত্রী।
বুধবার (২৮ অক্টোবর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে রাজনৈতিক বিশ্লেষক আরভিং সি. শয়ার্টজের বক্তব্য উদ্ধৃত করেন ট্রাম্প। সেখানে বলা হয়, ট্রাম্প যখন নেতানিয়াহু, যিনি ‘বিবি’ নামেও পরিচিত, তাঁর প্রতি সমর্থন জানান, তখনই নির্বাচনের গতিপথ পাল্টে যায়। এর ফলে একজন সফল প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরাজয় এড়ানোর সুযোগ তৈরি হয়েছে এবং পরিস্থিতি এখন সমানে সমান কিংবা নেতানিয়াহুর জয়ের দিকে এগোচ্ছে।
ট্রাম্পের দাবি, তাঁর সমর্থনের পরই এই পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কল্যাণের কথা বিবেচনা করেই তিনি নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছেন বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
পরে প্রেসিডেন্টদের ব্যবহারের বিমান এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবেও একই দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, নির্বাচনের বুথফেরত জরিপগুলো ভুল প্রমাণিত হয়েছে এবং নেতানিয়াহুর দল প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে।
ট্রাম্পের ভাষ্য, তাঁর সমর্থনসংক্রান্ত বার্তা প্রকাশের পর নেতানিয়াহু অনেকটাই উপকৃত হয়েছেন। ইসরাইলের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাও স্বীকার করছেন, নেতানিয়াহু ধারণার চেয়ে অনেক ভালো লড়াই করেছেন। বর্তমান পরিস্থিতিকে সমতা কিংবা তাঁর জয়ের সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প।
নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ট্রাম্পের প্রকাশ্য সমর্থন নেতানিয়াহুর শিবিরে নতুন করে রাজনৈতিক উদ্দীপনা তৈরি করেছে। তবে এই আন্তর্জাতিক সমর্থন ইসরাইলের জটিল জোট সরকার গঠনের ক্ষেত্রে শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলবে, তা চূড়ান্ত ফল প্রকাশের পরই স্পষ্ট হবে।
সূত্র: জেরুজালেম পোস্ট
