স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬
স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা বুধবার (২৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছর এটি স্পেনে দ্বিতীয় প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।
স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের প্রেস দপ্তর নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। দেশটির রাষ্ট্রীয় রেল অবকাঠামো ব্যবস্থাপনা সংস্থা এডিআইএফের বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সকাল ৯টার কিছু পর মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সময় একটি ট্রেনের পেছনের বগিতে সহকর্মীদের সঙ্গে ভ্রমণ করছিলেন মিগুয়েল নামের এক যাত্রী। স্পেনের কোপে রেডিওকে তিনি দুর্ঘটনার মুহূর্তের বর্ণনা দেন।
মিগুয়েল বলেন, ‘আমরা প্রচণ্ড গর্জনের মতো শব্দ শুনেছিলাম। প্রায় ১০ সেকেন্ড ধরে চলা ভয়াবহ এক ধাক্কার শব্দ ছিল সেটি। মনে হচ্ছিল ট্রেনটি লাইনচ্যুত হতে যাচ্ছে। ডান পাশের জানালা দিয়ে একটি বিধ্বস্ত ট্রেন দেখতে পাই। আমার ধারণা, সেটি অন্য ট্রেনটি ছিল।’
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সানচেজ নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা, সংহতি ও সমর্থন জানিয়েছেন।
সূত্র: এনবিসি নিউজ
