বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে টানা কয়েক দিন দাম বাড়ার পর কমেছে জ্বালানি তেলের মূল্য। সোমবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ কমেছে। তবে সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কাটেনি।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩২ মিনিটে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২ ডলার ১৪ সেন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ কমে ১০১ ডলার ১৩ সেন্টে দাঁড়ায়। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৬০ সেন্টে নেমে আসে।
এর আগে গত সপ্তাহের শেষ দিকে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছেছিল জ্বালানি তেল। শুক্রবার সৌদি আরবে হুথিদের হামলার পর সরবরাহ সংকটের আশঙ্কায় এক দিনেই তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে যায়। পুরো সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়।
সপ্তাহান্তেও সৌদি আরবে হামলার ঘটনা অব্যাহত ছিল। শনিবার দেশটির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার দাবি করে হুথিরা। রোববার সৌদি আরব জানায়, তারা আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এর আগে হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির প্রধান বিমানবন্দরে রোববার আংশিক কার্যক্রম শুরু হলেও ওই স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
এদিকে আঞ্চলিক জ্বালানি সরবরাহব্যবস্থা স্থিতিশীল রাখতে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুতের পরিকল্পনা করেছে সৌদি আরব। সোমবার দুই দেশের জ্বালানিমন্ত্রীরা এ তথ্য জানান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, লুইজিয়ানার একটি তেল শোধনাগারে সরবরাহ বিঘ্নের প্রভাব মোকাবিলায় দেশটির কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে ৪ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।
