ইরানে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করলেন ট্রাম্প
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রোববার ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আগের কঠোর অবস্থান থেকে আপাতত সরে এলেন তিনি।
রোববার মিশিগানে নির্বাচনি প্রচারণায় যোগ দিতে হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে হামলা হবে কি না—এ প্রশ্নের সরাসরি উত্তর হলো, না, কোনো হামলা হবে না।
তবে এর আগে একই দিন ইরানকে কঠোর বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্যে ইরানে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা হবে, নাকি দেশটিকে পুরোপুরি নির্মূল করা হবে, সেটিই এখন মূল প্রশ্ন।
এদিকে পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেছেন ট্রাম্প। তাঁর দাবি, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান সেখান থেকে কোনো সুবিধা পাচ্ছে না।
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে। অন্যদিকে, তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তিনি। তবে ইরান কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে জুন মাসে দুই দেশের মধ্যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও শেষ পর্যন্ত তা স্থায়ী হয়নি।
এমন পরিস্থিতিতে নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ইরানে নতুন করে হামলা না চালানোর কথা জানালেন ট্রাম্প। তাঁর এই ঘোষণায় মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনার গতিপথ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
