‘মোদি সরকারের ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে’
সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ‘পিএম-দক্ষ’ প্রকল্প বাস্তবায়নে গুরুতর অবহেলার অভিযোগ তুলেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া এ প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কটাক্ষ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
বুধবার জয়রাম রমেশ দাবি করেন, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্দেশ্যে প্রকল্পটি চালু করা হলেও বাস্তবে তা প্রত্যাশিত ফল দিতে পারেনি। প্রকল্প বাস্তবায়নে গুরুতর ত্রুটি রয়েছে এবং বরাদ্দ অর্থও যথাযথভাবে ব্যবহার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ করে কটাক্ষপূর্ণ মন্তব্যে তিনি বলেন, ‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে পিএম-দক্ষ প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর নামে ঘটা করে প্রকল্পটি চালু করা হলেও বাস্তবে এর সুফল প্রায় নেই বললেই চলে। সরকারের বিরুদ্ধে বাস্তব কাজের চেয়ে বিজ্ঞাপন, প্রচার এবং সংবাদ শিরোনাম তৈরিতে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগও করেন তিনি।
কংগ্রেসের এই সাধারণ সম্পাদকের দাবি, গত দুই বছর ধরে প্রকল্পটি বাস্তবায়নে ধারাবাহিক ব্যর্থতা দেখা যাচ্ছে। এর আগের বছরগুলোতেও বরাদ্দ অর্থ ব্যয় করতে না পারার ঘটনা কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক দুর্বলতা ও ব্যর্থতার চিত্র তুলে ধরে বলে মন্তব্য করেন তিনি।
জয়রাম রমেশ বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং তাঁদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই পিএম-দক্ষ প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান মোদি সরকারের আমলে প্রকল্পটি কার্যত কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ তাঁর।
কংগ্রেস নেতার ভাষ্য, প্রধানমন্ত্রীর নামে পরিচালিত একটি জনকল্যাণমূলক প্রকল্পও যদি সরকার সফলভাবে বাস্তবায়ন করতে না পারে, তাহলে সেই সরকারের ক্ষমতায় টিকে থাকার নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন ওঠে।
