নির্বাচন ছাড়াই ক্ষমতা বদলের পাঠ নিতে বিদেশে যান রাহুল: বিজেপি
সংগৃহীত
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির দাবি, কোনো নির্বাচন ছাড়াই কীভাবে ক্ষমতার পরিবর্তন ঘটানো যায়, সেই কৌশল শিখতে বিদেশে যান রাহুল গান্ধী।
বুধবার বিজেপি অভিযোগ করে, রাহুল গান্ধী নির্বাচন ছাড়াই ক্ষমতার পরিবর্তন ঘটানোর ষড়যন্ত্র করছেন এবং এ বিষয়ে বিদেশ থেকে পরামর্শ নিচ্ছেন।
বিজেপির মুখপাত্র সমবিত পাত্র বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। এর উদ্দেশ্য রাহুল গান্ধীকে নতুন করে সামনে নিয়ে আসা। তিনি এর আগেও বহুবার ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন এই বিজেপি নেতা।
সমবিত পাত্রের অভিযোগ, ভারতকে কীভাবে অস্থিতিশীল করা যায় এবং নির্বাচন ছাড়াই কীভাবে ক্ষমতার পরিবর্তন ঘটানো যায়, সে বিষয়ে পরামর্শ নিতেই বিদেশ সফরে গিয়ে ধনকুবের বিনিয়োগকারী জর্জ সোরোস ও তাঁর সহযোগীদের সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী।
তিনি আরও বলেন, নেহা বোরা, প্রশান্ত ভূষণ ও সঞ্জয় রাউত নিজেরাই তাঁদের উদ্দেশ্য স্পষ্ট করেছেন—ক্ষমতার পরিবর্তন। আর এই লক্ষ্য অর্জনে সহিংসতার প্রয়োজন হলে কিছু মানুষ তার পক্ষেও অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এর আগে রাহুল গান্ধী আবারও বিদেশ সফরে গেছেন বলে দাবি করে বিজেপি। এ সময় একটি উড়োজাহাজের ভেতরের ভিডিও প্রকাশ করে দলটি জানায়, রাহুল গান্ধী ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন।
সূত্র: পিটিআই।
