ইরান ইস্যুতে ‘শিগগিরই কিছু একটা ঘটবে’, বললেন ট্রাম্প
সংগৃহীত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই দেশের চলমান সংঘাতের বিষয়ে শিগগিরই কোনো পরিণতি আসতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) দক্ষিণ ক্যারোলাইনায় একটি জনসভা থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প।
ইরানের সঙ্গে আলোচনা চলছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমার মনে হয় না আমরা আলোচনা করছি। তবে একভাবে হোক বা অন্যভাবে, শিগগিরই কিছু একটা ঘটবে।’
ট্রাম্প আরও বলেন, অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ইস্যুতে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন কী ঘটে, তা দেখার অপেক্ষায় রয়েছেন তারা।
এর আগে দক্ষিণ ক্যারোলাইনায় জনসভায় ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে তিনি এমন একটি পরিণতি নিশ্চিত করতে চান, যার প্রভাব দীর্ঘস্থায়ী হবে।
ট্রাম্পের ভাষায়, ‘এটি খুব শিগগিরই শেষ হবে। আমরা এখনই চলে যেতে পারি, কিন্তু আমরা নিশ্চিত হতে চাই, যাতে এর ফল দীর্ঘদিন স্থায়ী হয়।’
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সামরিক ও অর্থনৈতিক—উভয় দিক থেকেই যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করেছে। একই সঙ্গে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের এসব বক্তব্যের মধ্যেই দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট আলোচনা সম্পর্কে অবগত কয়েকজনের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
তবে ইরানে নতুন করে হামলা চালানোর অনুমতি ট্রাম্প দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার বিষয়ে একাধিক পরিকল্পনায় ট্রাম্প বারবার ভেটো দিয়েছেন।
এ বিষয়ে দ্য নিউইয়র্ক টাইমসকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বাস্তবে সামরিক পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়ে প্রশাসন মন্তব্য করে না।
তথ্যসূত্র: আনাদোলু।
