হরমুজ প্রণালির কাছে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা
সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে কয়েক মিনিটের ব্যবধানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (২১ অক্টোবর) কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, হরমোজগান প্রদেশের সিরিক এলাকার কারপান অঞ্চলে পরপর এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে সেখানে কোনো হামলা চালানো হয়েছে, নাকি ওই এলাকা থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরনা জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃতি ও এর পেছনের কারণ সম্পর্কে স্থানীয় সূত্রগুলো এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি।
চলতি মাসে ওই এলাকায় বিস্ফোরণের এটাই প্রথম খবর। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের তীব্রতা তুলনামূলকভাবে কমে এলেও নতুন করে বিস্ফোরণের ঘটনায় ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন।
এরপর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অবরোধের চেষ্টা করে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়, এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হবে। স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবহণ করা হয়।
ইরানের এ পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র দেশটির বন্দর ও জাহাজের ওপর পালটা অবরোধ আরোপ করেছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির কাছে নতুন করে বিস্ফোরণের খবর এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। তবে সর্বশেষ বিস্ফোরণগুলোর কারণ এবং এর সঙ্গে কোনো সামরিক তৎপরতার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তথ্যসূত্র: গালফ নিউজ
