প্রতিরক্ষা সহযোগিতায় তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়ার বদর চুক্তি স্বাক্ষর
নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং একে-অপরকে প্রতিরক্ষা খাতে সহায়তার লক্ষ্যে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তিটি বদর সমঝোতা স্মারক বা বদর চুক্তি হিসেবে পরিচিত হবে। বুধবার (২১ অক্টোবর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, কাতারের রাজধানী দোহায় এই চার দেশ প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা ও উন্নয়ন সম্পর্ক গভীর করতে বদর সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। চুক্তির ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করে তুর্কি মন্ত্রণালয় আরও বলেছে, চুক্তির লক্ষ্য হলো সামরিক উৎপাদন বৃদ্ধি, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সামরিক প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নে সহায়তা করা।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, প্রত্যেক দেশের আলাদা সামরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে তারা একে-অপরের সহায়তায় ব্যাপক ভূমিকা রাখবে। উল্লেখ্য, মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক একমাত্র ন্যাটোভুক্ত দেশ এবং ন্যাটো জোটে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সেনা রয়েছে। তুরস্ক উপসাগরীয় আরব দেশগুলোকে আগে থেকেই সামরিক সহায়তা করে আসছে, যার মধ্যে কাতারে তাদের সেনাঘাঁটিও রয়েছে। এর আগে গত আগস্টে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে একটি সামরিক চুক্তি করেছিল তুরস্ক, যা মক্কা চুক্তি নামে পরিচিত। ওই চুক্তিতে বলা হয়, কোনো দেশ সশস্ত্র হামলার শিকার হলে অন্য দেশগুলো নিজেদের সক্ষমতা নিয়ে আক্রান্ত দেশকে সহায়তায় এগিয়ে আসবে।
