ফ্রান্সে মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান মিরাজ ২০০০ডি বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। এছাড়া বিমান চালনা সহায়তাকারী কর্মকর্তা (নেভিগেটর) নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের বরাতে ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি এ তথ্য জানায়।
বিএফএমটিভির তথ্য অনুযায়ী, ন্যান্সি-ওশে বিমানঘাঁটি থেকে পরিচালিত যুদ্ধবিমানটি মঙ্গলবার গভীর রাতে ন্যান্সি শহরের কাছে ম্যুর্ত-এ-মোসেল এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে পাইলট ও নেভিগেটর ছিলেন। কর্তৃপক্ষ পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া নিখোঁজ নেভিগেটরের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে (জিএমটি ২১টা ৩৫ মিনিট) ন্যান্সির উত্তরে রোগভিল, দোমেভ্র-অঁ-এ ও ত্রঁবলকুর গ্রামের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কাছের পঁ-আ-মুসোঁ শহরের মেয়র অঁরি লিমোয়েন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ ও অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয়েছে।
লিমোয়েন ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ড্রোনের সাহায্যে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। তবে জরুরি উদ্ধার তৎপরতা চলমান থাকায় কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। এদিকে, রোগভিলে একটি সংকট সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
