ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী, ২০ বছরের কৌশগত চুক্তির প্রতিশ্রুতি
ছবি: সংগৃহীত
দ্বিপাক্ষিক সহযোগিতা, মধ্যপ্রাচ্যের রাজনীতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বৈঠক করেছে ইরান ও রাশিয়া। সোমবার (১৯ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তেহরানে পৌঁছানোর পর তার সঙ্গে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো তেহরান সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন সফর শেষে লাভরভ ইরানের রাজধানীতে পৌঁছান। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে ২০ বছর মেয়াদি কৌশলগত অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তিটি ২০২৬ সালের ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে জানিয়েছিলেন, সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টায় অংশ নিতে প্রস্তুত মস্কো। লাভরভের এ সফরকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের উদ্যোগে রাশিয়ার ভূমিকা জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
আরাগচি বলেন, উপসাগরীয় অঞ্চল ও পশ্চিম এশিয়া নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার বিষয়েও কথা হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইরান ও রাশিয়ার মধ্যে ২০ বছর মেয়াদি কৌশলগত অংশীদারত্ব চুক্তিটি ২০২৫ সালের ১৭ জানুয়ারি মস্কোতে স্বাক্ষরিত হয় এবং একই বছরের ২ অক্টোবর কার্যকর হয়। প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি, বাণিজ্য ও পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা রয়েছে এতে। তবে চুক্তিতে একে অপরের ওপর হামলা হলে সামরিকভাবে রক্ষা করার বাধ্যবাধকতা নেই।
সূত্র: আল-জাজিরা
