রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’,
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যের লন্ডনের একটি ব্যস্ত সড়কে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল আবুধাবির রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত মাহরাহ আল নাহিয়ানকে। এ সময় তার পাশে থাকা তিন বছর বয়সী একটি শিশুকে জুতা ছাড়াই রাস্তার পাশে খেলতে দেখা যায়। শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে এগিয়ে আসেন পথচারীরা।
ঘটনার প্রায় চার মাস পর শিশুর প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করেছেন ৩২ বছর বয়সী মাহরাহ। এ ঘটনায় তাকে দুই বছরের কমিউনিটি পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। পাশাপাশি তাকে ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি ব্যস্ত সড়কে অচেতন অবস্থায় পাওয়া যায় মাহরাহকে। তার সঙ্গে থাকা শিশুটি তখন জুতা ছাড়াই রাস্তার পাশে একটি স্কুটার নিয়ে খেলছিল। কাছাকাছি আরও একজন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
শিশুটিকে একা এবং চলন্ত যানবাহনের কাছাকাছি অবস্থায় দেখতে পেয়ে পথচারীরা এগিয়ে আসেন। পুলিশ পৌঁছানো পর্যন্ত তারাই শিশুটির দেখাশোনা করেন।
প্রতিবেদন অনুযায়ী, কোকেন সেবনের পর প্রায় আধা ঘণ্টা কোনো সাড়া দিচ্ছিলেন না মাহরাহ। জ্ঞান ফেরার পর তিনি বলেন, ‘এটি কোনো কসাইখানা নয়। আপনারা এতটা মাথা ঘামাচ্ছেন কেন? এত চিন্তিত কেন?’
পরে তল্লাশিতে তার কাছে মাদক গ্রহণের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক উদ্ধার করা হয়নি। ঘটনার পর আসক্তির চিকিৎসার জন্য তাকে ইংল্যান্ডের সারেতে ওকিংয়ের প্রিয়রি ক্লিনিকে ভর্তি করা হয়।
গত মঙ্গলবার সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে শিশুর প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করেন মাহরাহ। আদালতে সরকারি কৌঁসুলি রিও পাহলাভানপুর বলেন, শিশুটিকে জুতা ছাড়া রাস্তার পাশে একটি স্কুটার নিয়ে একা ঘুরতে দেখা যায়। চলন্ত যানবাহনের খুব কাছাকাছি থাকায় পথচারীরা শিশুটির নিরাপত্তায় হস্তক্ষেপ করেন।
অন্যদিকে, মাহরাহর আইনজীবী স্টিফেন ভুলো কেসি আদালতে বলেন, তার মক্কেল ওই দিনের ঘটনাকে একটি গুরুতর ভুল হিসেবে স্বীকার করেছেন। তবে আইনজীবীর দাবি, যেদিন মাহরাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়, সেদিন তিনি মাদক গ্রহণ করেননি; বরং এর আগের কয়েক দিনে মাদক গ্রহণের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন।
আইনজীবী আরও জানান, নিজের আসক্তি কাটিয়ে উঠতে মাহরাহ অনুতপ্ত এবং চিকিৎসা সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিন মাসের পুনর্বাসন কর্মসূচির সব ধাপ শেষ করার পরিকল্পনা রয়েছে তার। চলতি মাসের শেষ নাগাদ কর্মসূচিটি শেষ হওয়ার কথা। এরপর গিল্ডফোর্ড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দিনের বেলায় চিকিৎসা নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের সূত্রে মাহরাহ আবুধাবির রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত এবং প্রতি মাসে ৮ হাজার পাউন্ড ভাতা পান। তবে রাজপরিবারের সঙ্গে তার সম্পর্কের বিস্তারিত পরিচয় এবং ওই শিশুটি তার নিজের সন্তান কি না, তা নিশ্চিত করা যায়নি।
