জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন করায় জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রীসহ অন্যান্য নেতার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমনকি নিষেধাজ্ঞায় পড়েছেন মানাঙ্গাগওয়ারের স্ত্রীও। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, মার্কিন নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে থাকা মানাঙ্গাগওয়ার সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এছাড়া তার যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ হবে। এমারসন মানাঙ্গাগওয়ার পাশাপাশি জিম্বাবুয়ের আরও ১০ জন ব্যক্তি এবং তিনটি ব্যবসার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন প্রত্যক্ষ করছি। এর আগে যুক্তরাষ্ট্র প্রথম ১৯৯০ এর দশকের গোড়ার দিকে জিম্বাবুয়ের ওপর অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং অন্যান্য উচ্চ-পদস্থ সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে সেসময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
