‘ডার্লিং’ সম্বোধন অপমানজনক, রয়েছে যৌন ইঙ্গিত
কলকাতা হাইকোর্টের মন্তব্য
অপরিচিত নারীকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করা অপমানজনক বলে মন্তব্য করেছেন কলকাতার হাইকোর্ট। বলেছেন, এই শব্দে যৌন ইঙ্গিত রয়েছে। এ ব্যাপারে সচেতন হওয়ার কথাও বলেছেন আদালত। এক নারীর মামলা প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সার্কিট বেঞ্চ শুনানি শেষে এই রায় দেন।
ঘটনাটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১ অক্টোবর এক যুবকের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিলেন এক নারী কনস্টেবল। এ সময় ওই যুবক নারী কনস্টেবলকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘কী ডার্লিং, চালান করতে এসেছো নাকি?’ পরে এ ঘটনায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কনস্টেবল।
যুবকের এমন মন্তব্যের অভিযোগে নিম্ন আদালত যুবককে তিন মাসের কারাদণ্ডের সাজা দিয়েছিলেন। পরে অভিযুক্ত যুবক উচ্চ আদালতে আবেদন যান। মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি সেনগুপ্তের এজলাসে ওঠে।
বিচারপতি সেনগুপ্তের পর্যবেক্ষণ, মহিলা কনস্টেবলের প্রতি যুবকের মন্তব্যে যৌন ইঙ্গিত ছিল। যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সেটি একটি উৎসবের রাত ছিল। যে অর্থে তিনি ‘ডার্লিং’ শব্দটি ব্যবহার করেছেন, তা যে কোনও মহিলার কাছে অসম্মানের।
তবে হাইকোর্ট যুবকের সাজা কিছুটা কমিয়েছে। তিন মাসের পরিবর্তে তাকে এক মাস জেল খাটতে বলা হয়েছে। ভবিষ্যতে এই শব্দ ব্যবহারে অভিযুক্তকে সতর্কও থাকতে বলেছে আদালত।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
