ইসরাইলের বিমান হামলা, অস্ত্রবিরতি চুক্তি কার্যকর নয়
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহ এলাকায় বুধবার (৬ মে) ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। কয়েক সপ্তাহের বিরতির পর এটিই প্রথম হামলা। এ ঘটনায় লেবানন ও ইসরাইলের মধ্যে ঘোষিত অস্ত্রবিরতি এখন কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বৈরুতে বিবিসির প্রতিনিধি হুগো বাচেগা জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং গত কয়েক দিনে বেসামরিক নাগরিকসহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরাইলের দাবি, হিজবুল্লাহ কর্তৃক অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালাচ্ছে।
অন্যদিকে, হিজবুল্লাহ অভিযোগ করেছে যে ইসরাইলই প্রথম চুক্তি লঙ্ঘন করেছে এবং এর প্রতিবাদে তারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইলের দখলকৃত এলাকায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে শান্তি ফেরানোর উদ্দেশ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মাঠপর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে, যার ফলে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষ করে জনবহুল বৈরুতে এই হামলা নতুন করে বড় ধরনের যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে।
