মমতার অভিযোগ ভিত্তিহীন: নির্বাচন কমিশন
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, কমিশনের যোগসাজশে বিজেপি অন্তত একশটি আসন ছিনিয়ে নিয়েছে।
তবে রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, ভোট গণনা নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে এবং কোনো অনিয়মের প্রমাণ নেই। মমতার সব অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেন তিনি।
কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন অফিসার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করেছেন। গণনাকেন্দ্রের সিসিটিভি বন্ধ রাখা এবং পর্যবেক্ষকদের বের করে দেওয়ার অভিযোগকেও ওই প্রতিবেদনে কাল্পনিক বলা হয়েছে।
উল্লেখ্য, নিজের ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন। সোমবার রাতে গণনাকেন্দ্র ছেড়ে বের হওয়ার সময় তিনি কারচুপির অভিযোগ করেন।
