পশ্চিমবঙ্গে ‘পদ্ম ফুটেছে’ : নরেন্দ্র মোদি
সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেন, পশ্চিমবঙ্গে “পদ্ম ফুটেছে”।
সোমবার সন্ধ্যা ৬টার পর দেওয়া ওই পোস্টে মোদি উল্লেখ করেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে। তার ভাষায়, এটি জনগণের শক্তির জয় এবং বিজেপির সুশাসনের রাজনীতির বিজয়। তিনি রাজ্যের প্রতিটি মানুষকে প্রণাম জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোদি আরও বলেন, জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছে এবং সেই আস্থার মর্যাদা রাখতে দল সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি আশ্বাস দেন, এমন একটি সরকার গঠন করা হবে যা সমাজের সব শ্রেণির মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে এবং তাদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে কাজ করবে।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ২৯৩টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি পেয়েছে ২০৪টি আসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮৩টি আসন। এছাড়া কংগ্রেস দুটি, সিপিএম একটি এবং অন্যান্য দল তিনটি আসনে জয় পেয়েছে।
