১৬৭ আসনে এগিয়ে বিজেপি, ভরাডুবির পথে তৃণমূল
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৪টি আসনের মধ্যে ১৬৭টিতে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অপরদিকে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে রয়েছে।
আজ সোমবার (৪ মে) সকালে ভোট গণনা শুরু হয়। চার ঘণ্টার গণনার পর এই চিত্র দেখা যায়। বিজেপি ও তৃণমূলের পাশাপাশি বিজিপিএম, সিপিআই (এম) এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে আছে। তবে কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেস কোনো আসনে এগিয়ে থাকতে পারেনি।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হয়। প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে, পরে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা হবে।
আজকের ফলাফলের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে। দুপুরের মধ্যে জয়-পরাজয়ের গতিপ্রকৃতি জানা গেলেও কোনো কোনো কেন্দ্রে গণনা শেষ হতে রাতও হয়ে যেতে পারে।
ভোট গণনায় বিশেষ নজর থাকবে ভবানীপুর আসনে, যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর লড়াই। এই দুইজনের মধ্যে একজনই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী।
এছাড়া তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে কলকাতা বন্দর আসনে ফিরহাদ হাকিম, রাসবিহারী আসনে দেবাশীষ কুমার, চৌরঙ্গীতে নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটায় কুণাল ঘোষ, শ্যামপুকুরে শশী পাঁজা, উত্তর চব্বিশ পরগনার বাগদা আসনে মধুপর্ণা ঠাকুরের ফলাফলের দিকেও নজর থাকবে।
বিজেপির প্রার্থীদের মধ্যে শিবপুরে রুদ্রনীল ঘোষ, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, নোয়াপাড়ায় অর্জুন সিং, রাজারহাট-গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি, পানিহাটিতে আর জি কর হাসপাতালে খুন হওয়া ছাত্রীর মা রত্না দেবনাথের ফলাফল সাধারণ মানুষের নজরে থাকবে।
বাম প্রার্থীদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায় ও সায়নদ্বীপ মিত্র; কংগ্রেসের অধীর চৌধুরী, মৌসুম বেনজীর নূর, শুভংকর সরকার, মনোজ চক্রবর্তী, শাহনাজ বেগম ও আবদুর রাজ্জাক মোল্লা এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) নওশাদ সিদ্দিকীর ফল নিয়েও আগ্রহ রয়েছে।
