প্রত্যেকটা হামলার জবাব দেওয়া হবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী
আফগানিস্তানে হামলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একের পর এক স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শুক্রবার ভোর (গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত) আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালায় পাকিস্তান।
হামলার পর এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, শত্রুর আক্রমণ ঠেকাতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মাতৃভূমির বিরুদ্ধে কোনো সমঝোতা করা হবে না। প্রত্যেকটা হামলার জবাব দেওয়া হবে।
সেনাবাহিনীর প্রশংসা করে অপর এক পোস্টে তিনি বলেন, তাদের সঙ্গে পুরা জাতি রয়েছে।
শাহবাজ শরিফ বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। দেশের নিরাপত্তার সঙ্গে পাকিস্তানি সেনা কোনো সমঝোতা করবে না।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক্স পোস্টে জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এ পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত হয়েছে এবং ২০০ জনের বেশি আহত হয়েছে।
এর আগে সাম্প্রতিক বিমান হামলার জবাবে পাকিস্তানে হামলা চালায় আফগানিস্তান। তালেবানের প্রধান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, অভিযানে ‘অসংখ্য’ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এ সময় কয়েকজনকে আটকও করা হয়েছে।
তিনি জানান, সীমান্তবর্তী পাকিস্তানি সেনা অবস্থান ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
এর ঘণ্টাখানেক পরেই আবারও আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে পাকিস্তান কাবুলসহ আফগানিস্তানের আরও দুটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছেন।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে হামলা চালিয়েছে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এটি আগের প্রাণঘাতী বিমান হামলার প্রতিশোধ হিসেবে করা হয়েছে।
দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনার সর্বশেষ এই ঘটনার ফলে কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে আফগান রাজধানীর ঠিক কোথায় হামলা হয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি শুক্রবার বলেছেন, আফগানিস্তানে চালানো হামলাগুলো ছিল ‘যথাযথ জবাব’।
তিনি বলেন, ‘আফগান তালেবানের প্রকাশ্য আগ্রাসনের জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যথাযথ প্রতিক্রিয়া জানিয়েছে।’
