এক সপ্তাহ কিয়েভে হামলা করবেন না মস্কো
তীব্র শীতের কথা বিবেচনা করে এক সপ্তাহ কিয়েভে হামলা না করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হোয়াইট হাউসে ক্যাবিনেট মিটিং চলাকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি পুতিনকে অনুরোধ করেছি যেন তিনি এক সপ্তাহ কিয়েভ ও আশপাশের শহরে হামলা না চালান, আর তিনি এতে রাজি হয়েছেন।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সাময়িক যুদ্ধবিরতির মূল কারণ ওই অঞ্চলের অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি। বর্তমানে কিয়েভে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে অবস্থান করছে এবং রুশ হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় চরম কষ্টে দিন কাটাচ্ছে।
এই সমঝোতাকে একটি বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন ট্রাম্প। এ বিষয়ে তিনি বলেন, ‘এটি ছিল খুবই চমৎকার। অনেকে বলেছিল পুতিনকে কল করে লাভ নেই, তিনি রাজি হবেন না। কিন্তু আমার অনুরোধ রেখেছেন তিনি।’
কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ওপর ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে আসছে রাশিয়া। গত ২৪ জানুয়ারি কিয়েভে বড় ধরনের হামলার পর শহরটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। নতুন এই সিদ্ধান্তের কারণে কিয়েভের বাসিন্দারা অন্তত এক সপ্তাহের জন্য কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।
