অভিবাসন অভিযানে গুলিবিদ্ধ আরেক মার্কিন নাগরিকের মৃত্যু
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে অভিবাসনবিরোধী অভিযানের সময় ফেডারেল এজেন্টদের গুলিতে আরও একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় শহরজুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিনিয়াপোলিস থেকে ভারী অস্ত্রে সজ্জিত ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি আরও জোরালো হয়েছে। খবরটি জানিয়েছে আল জাজিরা।
মিনিয়াপোলিস পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান ও’হারা জানান, শনিবার গুলিবিদ্ধ হয়ে ৩৭ বছর বয়সি এক ব্যক্তি হাসপাতালে মারা যান। তাকে একাধিকবার গুলি করা হয়েছিল। নিহত ব্যক্তি মিনিয়াপোলিসের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। তার বাবা-মা পরিচয় নিশ্চিত করে জানান, নিহতের নাম অ্যালেক্স প্রেট্টি। তিনি একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
এই ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন কয়েক সপ্তাহ ধরে মিনিয়াপোলিসে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে ফেডারেল এজেন্ট ও অভিবাসন কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। এর আগেও গত ৭ জানুয়ারি রেনি গুড নামের ৩৭ বছর বয়সি এক নারী নিহত হওয়ার পর থেকেই শহরটিতে প্রতিদিন বিক্ষোভ চলছিল। ওই ঘটনায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এক কর্মকর্তা গাড়ির ভেতর থেকে গুলি চালালে রেনি গুড মারা যান। এছাড়া গত সপ্তাহে আলাদা এক ঘটনায় এক ভেনেজুয়েলান নাগরিক গুলিবিদ্ধ হয়ে আহত হন।
মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ সেন্ট পল শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, এটি অঙ্গরাজ্যের মানুষের বিরুদ্ধে পরিচালিত এক নিষ্ঠুর ও সংগঠিত অভিযান। তার ভাষায়, এই অভিযানে আরও একটি প্রাণ ঝরে গেছে। তিনি জানান, এই হত্যাকাণ্ডের তদন্ত মিনেসোটা অঙ্গরাজ্য নিজেই পরিচালনা করবে।
এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে, সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য এমন এক ব্যক্তিকে গুলি করেন, যিনি একটি হ্যান্ডগান বহন করছিলেন এবং অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা প্রতিহত করছিলেন। বিভাগের মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন বলেন, ওই ব্যক্তি হাতে বন্দুক নিয়ে এজেন্টদের দিকে এগিয়ে আসেন এবং নিরস্ত্র করার চেষ্টা করা হলে তিনি সহিংসভাবে প্রতিরোধ করেন। এ পরিস্থিতিতে এজেন্ট আত্মরক্ষার্থে গুলি চালান।
ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে গভর্নর ওয়ালজ ও মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। উদ্ধার করা বন্দুকের ছবি শেয়ার করে তিনি প্রশ্ন তোলেন, স্থানীয় পুলিশ কোথায় ছিল এবং কেন আইসিই কর্মকর্তাদের সুরক্ষায় তাদের ব্যবহার করা হয়নি। তিনি আরও বলেন, ডেমোক্র্যাট গভর্নর ও মেয়রের বক্তব্য পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে এবং বিদ্রোহ উসকে দিচ্ছে।
ঘটনার সময় পথচারীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, অ্যালেক্স প্রেট্টি রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ফোনে এজেন্টদের কার্যক্রম ধারণ করছিলেন। এক পর্যায়ে এক এজেন্ট তার দিকে এবং অন্য বিক্ষোভকারীদের দিকে পেপার স্প্রে ছোড়েন। প্রেট্টি স্প্রে ঠেকানোর চেষ্টা করেন এবং অন্যদের সহায়তা করেন। এরপর কয়েকজন এজেন্ট তাকে মাটিতে ফেলে মাথা ও শরীরে আঘাত করতে থাকেন। তাকে মাটিতে চেপে ধরে রাখার সময় এক এজেন্ট অস্ত্র বের করেন এবং পরপর গুলি ছোড়া হয়। পরে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তার নিথর দেহ।
ওপেন সোর্স অনুসন্ধানকারী সংস্থা বেলিংক্যাট জানায়, ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, প্রথম গুলি ছোড়ার আগেই ওই ব্যক্তির কাছ থেকে একটি বন্দুক সরিয়ে নেওয়া হয়েছিল। সংস্থাটি আরও জানায়, দুজন আলাদা এজেন্টকে গুলি চালাতে দেখা যায় এবং অন্তত ১০টি গুলির শব্দ শোনা গেছে, যার বেশিরভাগই তখন ছোড়া হয় যখন প্রেট্টি ইতোমধ্যে মাটিতে নিথর অবস্থায় পড়ে ছিলেন।
পুলিশপ্রধান ও’হারা বলেন, নিহত ব্যক্তি বৈধভাবে অস্ত্র বহনের অনুমতিপ্রাপ্ত একজন বন্দুক মালিক ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই ঘটনার পর শত শত বিক্ষোভকারী ঘটনাস্থলে জড়ো হয়ে সশস্ত্র ও মুখোশধারী ফেডারেল এজেন্টদের ঘিরে ধরেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় টিয়ার গ্যাস ও ফ্ল্যাশব্যাং গ্রেনেড ব্যবহার করা হয়। বিক্ষোভকারীরা কর্মকর্তাদের উদ্দেশে স্লোগান দেন, গালাগাল করেন এবং বাড়ি ফিরে যেতে বলেন। পরে ফেডারেল বাহিনী এলাকা ছাড়লে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বিক্ষোভকারীরা আরও কয়েক ঘণ্টা রাস্তায় অবস্থান করেন।
গভর্নর ওয়ালজ জানান, ঘটনার পর তিনি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছেন এবং পরিস্থিতি শান্ত রাখতে অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। মিনিয়াপোলিস সিটি কর্তৃপক্ষও বাসিন্দাদের ঘটনাস্থলের আশপাশ এড়িয়ে চলার পাশাপাশি শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
