বিজেপির নতুন সভাপতি নিতিন নবীন
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন নিতিন নবীন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে দলটি। মাত্র ৪৫ বছর বয়সে বিজেপির শীর্ষ পদে আসীন হয়ে তিনি দলটির ইতিহাসে সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতি হলেন। নবীন বিহার রাজ্যে বিজেপিদলীয় পাঁচবারের বিধায়ক। তাঁর বাবা নবীন কিশোর সিনহা বিহার রাজ্য বিধানসভার চারবারের সদস্য ছিলেন।
নয়াদিল্লিতে বিজেপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে নিতিন নবীন শপথ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদায়ী সভাপতি জেপি নাড্ডা, নিতিন গড়করি ও পীযূষ গোয়েলেরমতো শীর্ষ নেতারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ও বিদায়ী সভাপতি জেপি নাড্ডা নিতিন নবীনকে শুভেচ্ছা জানান।
দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, বিজেপির সভাপতি হওয়া একজন সাধারণ কর্মী তিনি।
নবীন আরও বলেন, বিজেপি দেশের একমাত্র দল, যেখানে সাধারণ পরিবারের মানুষ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। একজন সাধারণ কর্মী জাতীয় সভাপতির মতো দায়িত্ব পেতে পারেন। এখানে সাধারণ কর্মী হওয়াটাই সবচেয়ে বড় যোগ্যতা।
দলীয় সদর দপ্তরে প্রধানমন্ত্রী মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নিতিন গড়করি এবং রাজনাথ সিংয়ের উপস্থিতিতে নবীন দায়িত্ব গ্রহণ করেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও মোদি দাবি করেন, এই নির্বাচন ‘শতভাগ গণতান্ত্রিক পদ্ধতিতে’ সম্পন্ন হয়েছে।
নতুন সভাপতির কর্তৃত্ব তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, নবীন এখন থেকে তাঁর ‘বস’ এবং তিনি নিজে একজন সাধারণ দলীয় কর্মী। তবে লক্ষ করার মতো বিষয় হলো, যেখানে প্রধানমন্ত্রীর ভাষণ ছিল ৪৯ মিনিটের, সেখানে নতুন সভাপতির ভাষণ ছিল মাত্র ২০ মিনিটের এবং তা মোদির প্রতি শ্রদ্ধায় পূর্ণ ছিল।
মোদি বলেন, ‘মানুষ ভাবতে পারেন, নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, ২৫ বছর ধরে সরকারের প্রধান—এসব ঠিক আছে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমি একজন বিজেপিকর্মী। এটাই আমার সবচেয়ে বড় গর্ব। যখন দলের বিষয় আসে, তখন নিতিন নবীন আমার বস এবং আমি কেবল একজন কর্মী।’
নিতিন নবীন তাঁকে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করার জন্য তিনি মোদি ও দলের জ্যেষ্ঠ নেতাদের ধন্যবাদ জানান। তিনি মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানের প্রশংসা করেন এবং অযোধ্যায় রামমন্দির নির্মাণ ও ৩৭০ ধারা বাতিলের মতো কাজগুলোর কথা উল্লেখ করেন।
