নেতানিয়াহুকে অপহরণ করতে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে পাকিস্তানের আহ্বান
ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মানবতার নিকৃষ্টতম অপরাধী’ আখ্যা দিয়ে তাকে ‘অপহরণ’ করার মাধ্যমে আদালতের হাতে তুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাশাপাশি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে অভিহিত করেন তিনি।
পাকিস্তানি সম্প্রচারমাধ্যম জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, মার্কিন পদক্ষেপগুলো একটি ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে এবং এমন একটি পন্থার বৈধতা দিয়েছে যা অতীতে ‘খুবই বিতর্কিত’ ছিল। তিনি সতর্ক করে বলেন, ‘বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ছে’ এবং ওয়াশিংটন যা করেছে তা মোটেও ‘ভালো কাজ নয়’।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, “বিশ্বে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকেন যিনি এই ধরনের আচরণ প্রাপ্য, তাহলে তিনি হলেন নেতানিয়াহু।” গাজা অভিযানের কথা উল্লেখ করে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ‘মানবতার সবচেয়ে নিকৃষ্ট অপরাধী’ বলে অভিহিত করেন।
আসিফ বলেন, “যুক্তরাষ্ট্র যদি মানবতার বন্ধু হয়, তবে তাদের উচিত তাকে (নেতানিয়াহু) অপহরণ করে নিয়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের যেকোনো আদালতে বিচার করা।” বিকল্প হিসেবে তিনি পরামর্শ দেন, তুরস্ক এটি করতে পারে এবং পাকিস্তান এমন ফলাফলের জন্য ‘দোয়া’ করবে।
খাজা আসিফ তার এই আহ্বানের পক্ষে যুক্তি হিসেবে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার কথা উল্লেখ করেন। উল্লেখ্য যে, ২০২৪ সালের নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
আসিফ মনে করেন, আইসিসি যেহেতু ব্যবস্থা নিয়েছে, এখন বিভিন্ন দেশের দায়িত্ব হলো ন্যায়বিচার নিশ্চিত করা। তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে ইতিহাসের নজিরবিহীন ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করে বলেন যে, গত কয়েক হাজার বছরে কোনো সম্প্রদায় ফিলিস্তিনিদের মতো এমন নির্যাতনের শিকার হয়নি।
সাক্ষাৎকারে পাকিস্তানের এই মন্ত্রী নেতানিয়াহুকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অপরাধী হিসেবে চিহ্নিত করে বলেন যে, যারা তাকে সমর্থন দিচ্ছে তাদেরও শাস্তির আওতায় আনা উচিত। তার এই মন্তব্যের পরপরই অনুষ্ঠানটিতে বিরতি দেওয়া হয় এবং উপস্থাপক জানান যে খাজা আসিফ আর আলোচনায় থাকছেন না।
এদিকে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের পাশাপাশি আকাশপথ ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন।
বিশ্ব রাজনীতিতে গত ৩ জানুয়ারি কারাকাস থেকে নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনীর তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। সেই নজিরকে সামনে রেখেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করলেন।
তার মতে, মানবতার স্বার্থে এই ধরনের ‘অপহরণ’ বৈধ হওয়া উচিত। খাজা আসিফের এই বক্তব্য ইসরায়েল এবং পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের শত্রুতাকে আরও উসকে দিয়েছে এবং আন্তর্জাতিক মহলে এর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা।
সূত্র: জিও নিউজ
