ট্রাম্পের সতর্কবার্তার পর সহযোগিতার বার্তা দিলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির পর আগের কঠোর অবস্থান থেকে সরে এসে তুলনামূলক নরম সুরে কথা বলেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পরিবর্তে সহযোগিতামূলক সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেছেন।
সোমবার ৫ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলা ও দেশটির জনগণের উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে ‘এজেন্ডা অব কো-অপারেশন’ গ্রহণ করতে চান তারা। তার ভাষায়, এই কর্মসূচির লক্ষ্য হবে আন্তর্জাতিক আইন ও কাঠামোর প্রতি পূর্ণ সম্মান রেখে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রসহ আমেরিকা অঞ্চলের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণ যুদ্ধ নয়, শান্তি ও সংলাপ চায়। নিকোলাস মাদুরো বরাবরই এই বার্তা দিয়ে এসেছেন এবং বর্তমান পরিস্থিতিতে এটি পুরো ভেনেজুয়েলার জনগণেরই আকাঙ্ক্ষা।
ডেলসি রদ্রিগেজ বলেন, শান্তি, উন্নয়ন, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অধিকার ভেনেজুয়েলার জনগণের রয়েছে।
এর আগে রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বা তার নেতৃত্বাধীন সরকার যদি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হতে পারে। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার জ্বালানি তেল ও অন্যান্য সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের ইচ্ছার কথাও প্রকাশ করেন।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন।
মাদুরোকে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। আদালতের নির্দেশ অনুযায়ী, তাকে আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে।
এর আগে মাদুরোকে গ্রেফতারের পর দেওয়া এক বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ওয়াশিংটন তার সামরিক শক্তির নিষ্ঠুর অপব্যবহার করেছে এবং এর জবাব ভেনেজুয়েলার জনগণ দেবে। তবে রোববারের নতুন বিবৃতিতে সেই অবস্থান থেকে সরে এসে তিনি সংলাপ ও সহযোগিতার পথ বেছে নেওয়ার ইঙ্গিত দিলেন।
