মাদুরোকে আটক অভিযানে ভেনেজুয়েলায় প্রাণহানি ৪০
ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশ্যে চালানো মার্কিন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে সেনাসদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে তিনি জানিয়েছেন যে মার্কিন বাহিনীর হামলায় মোট ৪০ জনের প্রাণহানি ঘটেছে। হতাহতদের মধ্যে সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা দু’পক্ষই অন্তর্ভুক্ত।
নিউইয়র্ক টাইমস জানায়, ভেনেজুয়েলার ভূখণ্ডে সেনা নামানোর আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে ব্যাপক সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই অভিযানে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়, যাতে সামরিক হেলিকপ্টারগুলো নিরাপদে সেনা নামাতে পারে। এরপর সেই সেনারাই প্রেসিডেন্ট মাদুরোর অবস্থান লক্ষ্য করে অভিযান চালায়।
নিহতের সংখ্যা কিংবা অভিযানের বিস্তারিত বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস ও পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয় সময় গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মার্কিন বিমান বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অভিযানের অনুমোদন তিনি মাত্র চার দিন আগেই দিয়েছিলেন।
