খালেদা জিয়ার প্রয়াণে নরেন্দ্র মোদির শোক
ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি মরহুমার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মোদি লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।”
তিনি আরও উল্লেখ করেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অবদান চিরস্মরণীয় থাকবে। মোদি স্মরণ করেছেন ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে তার উষ্ণ সাক্ষাতের কথা এবং আশা প্রকাশ করেছেন যে মরহুমার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নেবে।
মোদি শেষ করেছেন, “তার আত্মার শান্তি কামনা করি।”
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং মরহুমাকে পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু হিসেবে স্মরণ করেন।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।
