পাকিস্তান কেঁপে উঠল মাঝারি মাত্রার ভূমিকম্পে
ছবি : সংগৃহীত
খাইবার পাখতুনখোয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দির ও চিত্রালসহ বিভিন্ন এলাকায় কম্পনের প্রভাবের কারণে মানুষ আতঙ্কিত হয়ে কিছু সময়ের জন্য বাড়ি ও ভবন ছাড়তে বাধ্য হন।
জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৭ এবং এর কেন্দ্রস্থল ১২ কিলোমিটার গভীরে অবস্থান করছিল। বিস্তৃত এলাকায় কম্পনের অনুভূতি তৈরি হয়।
ভূমিকম্পের কেন্দ্র আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ছিল, যা টেকটোনিক প্লেটের ক্রিয়ার কারণে প্রায়ই ভূমিকম্পে সক্রিয় থাকে। ক্ষতিগ্রস্ত এলাকার স্থানীয়রা জানিয়েছেন, কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভব করা গেছে। আপাতত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি মনিটর করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জনগণকে সতর্ক থাকার পাশাপাশি, পরে আসতে পারে এমন আফটারশক বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
