নর্থ ক্যারোলাইনায় ব্যবসায়িক জেট বিধ্বস্ত, প্রাণ গেল সাতজনের
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি ব্যবসায়িক জেট বিমান দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অবসরপ্রাপ্ত নাসকার রেসিং ড্রাইভার গ্রেগ বিফলও রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
শেরিফ ড্যারেন ক্যাম্পবেল বৃহস্পতিবার এএফপিকে জানান, বিমানটিতে থাকা সাতজনের কেউই বেঁচে নেই। নর্থ ক্যারোলাইনা স্টেট হাইওয়ে প্যাট্রোলের তথ্য অনুযায়ী, উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানটি আবার অবতরণের চেষ্টা করছিল। সেই সময়ই এটি দুর্ঘটনার কবলে পড়ে।
বিমানটি শার্লট শহরের উত্তরে অবস্থিত স্টেটসভিল বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
নিহতদের একজনের ঘনিষ্ঠ বন্ধু রিপাবলিকান কংগ্রেসম্যান রিচার্ড হাডসন সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় জানান, দুর্ঘটনায় গ্রেগ বিফল, তার স্ত্রী ক্রিস্টিনা গ্রোসু বিফল এবং তাদের দুই সন্তান প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, গ্রেগ ও তার পরিবারকে হারিয়ে তিনি গভীরভাবে শোকাহত এবং যারা তাদের ভালোবাসতেন সবার প্রতি সমবেদনা জানান।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত দল পাঠানো হচ্ছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, তদন্তকারীরা রাতের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে গ্রেগ বিফলের ৫৬ বছরে পা দেওয়ার কথা ছিল। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি নাসকার কাপ সিরিজে ১৯টি রেসে জয় পেয়েছেন। ২০২২ সালে টালাডেগায় অনুষ্ঠিত জেইকো ৫০০ ছিল নাসকার সার্কিটে তার শেষ রেস। ২০২৩ সালে তাকে নাসকারের ‘৭৫ জন সেরা ড্রাইভার’-এর একজন হিসেবে নির্বাচিত করা হয়।
গ্রেগ বিফলের একটি ব্যক্তিগত হেলিকপ্টারও ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে হারিকেন হেলেনে ক্ষতিগ্রস্ত পশ্চিম নর্থ ক্যারোলাইনায় আটকে পড়া মানুষদের উদ্ধারে তিনি সেই হেলিকপ্টার ব্যবহার করে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিয়েছিলেন।
