সৌদি আরবের পূর্বাঞ্চলে ভূমিকম্প
ছবি : সংগৃহীত
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, বুধবার ১৭ ডিসেম্বর রাত ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খালিজ টাইমস এ তথ্য প্রকাশ করেছে।
এনসিএমের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। এর আগে চলতি বছরের এপ্রিলে একই মাত্রার আরেকটি ভূমিকম্প আরব সাগরে সৌদি সীমান্তের কাছাকাছি এলাকায় আঘাত হেনেছিল। সে সময় সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও কম্পন অনুভূত হয়।
বিশেষজ্ঞরা ওই ভূমিকম্পের কারণ হিসেবে আরবিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষকে দায়ী করেছিলেন। তাদের মতে, এই সংঘর্ষের ফলে আরব উপসাগরীয় অঞ্চলের পুরোনো ফল্ট লাইনে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা ভূমিকম্পের জন্ম দেয়।
উপসাগরীয় অঞ্চলের আশপাশের দেশগুলোতেও প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। ইরান, ইরাক ও ওমান এ ধরনের কম্পনের ঝুঁকিতে রয়েছে। চলতি বছরের ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণাঞ্চলে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর আগে ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩.৩ মাত্রার এবং ২২ নভেম্বর ইরাকে ৫.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। পাশাপাশি আগস্ট মাসে ওমানের মাদহা এলাকায় ২.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
