ডিএনএ’র দ্বিগুণ হেলিক্স গঠনের আবিষ্কারক জেমস ওয়াটসন আর নেই
ডিএনএ অণুর দ্বিগুণ হেলিক্স গঠন আবিষ্কারক ও কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির সাবেক পরিচালক জেমস ওয়াটসন বৃহস্পতিবার ৯৭ বছর বয়সে মারা গেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইস্ট নর্থপোর্টে হসপিস কেয়ারে ছিলেন।
১৯৫৩ সালে প্রকাশিত তার যুগান্তকারী গবেষণাপত্র ডিএনএ কীভাবে নিজেকে অনুলিপি করে তা বোঝার পথ খুলে দেয়— যা বংশগতি ও প্রজননের মৌলিক প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে ছিল এক ঐতিহাসিক সাফল্য। এই আবিষ্কারের জন্য ১৯৬২ সালে ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক ও জীবপদার্থবিদ মরিস উইলকিনস নোবেল পুরস্কার লাভ করেন।
পরবর্তীতে ওয়াটসন মানব জিনোম প্রকল্পের নেতৃত্ব দেন এবং তিনিই দ্বিতীয় ব্যক্তি, যার সম্পূর্ণ জিনোম মানচিত্রায়িত হয়েছিল।
১৯৬৮ সালে তিনি কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির নেতৃত্ব গ্রহণ করেন। তার দূরদর্শী পরিচালনায় এটি মাইক্রোবায়োলজির অন্যতম প্রধান আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রে পরিণত হয়। গবেষণা ও শিক্ষার এই প্রতিষ্ঠানে তিনি এবং তার স্ত্রী এলিজাবেথ বহু বছর বসবাস করেছেন।
তবে বৈজ্ঞানিক কৃতিত্বের পাশাপাশি ওয়াটসন বিতর্কেরও জন্ম দিয়েছিলেন। ২০০৭ সালে তিনি এক সাক্ষাৎকারে কৃষ্ণাঙ্গদের বুদ্ধিমত্তা শ্বেতাঙ্গদের তুলনায় কম বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন। পরবর্তীতে একই ধরনের মন্তব্য পুনরায় করায় কোল্ড স্প্রিং হারবার ল্যাব তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে, তার সম্মানসূচক উপাধি বাতিল করে এবং স্নাতকোত্তর প্রোগ্রাম থেকে তার নাম সরিয়ে দেয়।
জেমস ওয়াটসন মৃত্যুকালে স্ত্রী এলিজাবেথ, দুই পুত্র এবং এক নাতিকে রেখে গেছেন।
