আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে গরুর মাংসের বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানোর অভিযোগে মাংস প্রক্রিয়াজাত কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, এসব কোম্পানি গোপনে আঁতাত ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্স প্ল্যাটফর্মে জানিয়েছেন, জাস্টিস বিভাগের এই তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে। তদন্ত কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স এবং সহকারী অ্যাটর্নি জেনারেল গেল স্লেটার। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কোম্পানির নাম প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রে বর্তমানে চারটি বড় প্রতিষ্ঠান—টাইসন ফুডস, কারগিল, জেবিএস ইউএসএ এবং ন্যাশনাল বিফ প্যাকিং কোম্পানি—দেশটির মোট গরুর মাংস প্রক্রিয়াজাতের প্রায় ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করে। এসব কোম্পানি খুচরা বিক্রেতাদের কাছে স্টেক, রোস্ট ও অন্যান্য মাংসজাত পণ্য সরবরাহ করে থাকে।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি জাস্টিস বিভাগকে নির্দেশ দিয়েছি মাংস প্রক্রিয়াজাত কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত করতে, যারা অবৈধ আঁতাত ও মূল্য কারসাজির মাধ্যমে বাজারে মুনাফা বাড়াচ্ছে এবং সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে।”
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের জনগণ উচ্চ জীবনযাত্রার ব্যয়ে অতিষ্ঠ। গত অক্টোবরের এক জরিপে দেখা যায়, ৪০ শতাংশ মার্কিন নাগরিক জীবনযাত্রার ব্যয়কে আসন্ন নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছেন।
এদিকে জাস্টিস বিভাগ ডিম উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও মূল্য কারসাজির অভিযোগে পৃথক তদন্ত শুরু করেছে।
কৃষি খাতে দীর্ঘ খরা ও চারণভূমির সংকটের কারণে যুক্তরাষ্ট্রে গবাদিপশুর সংখ্যা ৭৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর প্রভাবে বাজারে গরুর মাংসের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই গ্রাউন্ড চাক বিফের দাম দাঁড়ায় প্রতি পাউন্ডে ৬ দশমিক ৩৩ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ বেশি।
