ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প
সংগৃহীত
গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাসের হাতে আটক জীবিত ইসরায়েলিদের আগামী সোমবার (১৩ অক্টোবর) মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ অক্টোবর) এক ঘোষণায় তিনি জানান, যুদ্ধবিরতির রূপরেখা অনুযায়ী বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু হচ্ছে, যার মাধ্যমে বহু ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে।
ট্রাম্প বলেন, “সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা এক ভয়াবহ জায়গায় রয়েছেন, যেখানে তারা আছেন, তা খুব অল্প মানুষই জানেন। বন্দিদের ফিরিয়ে দেওয়া হবে, সেইসঙ্গে ২৮টি মরদেহও হস্তান্তর করা হবে।”
এছাড়া তিনি জানান, নিজেও ইসরায়েল সফরে যাবেন এবং সেখানকার পার্লামেন্ট নেসেটে বক্তব্য রাখবেন। পাশাপাশি মিশর সফরেরও পরিকল্পনা রয়েছে, যেখানে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর হবে। এই চুক্তিকে ঘিরে সারা বিশ্ব থেকে বিভিন্ন নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নৃশংস অভিযান শুরু হয়, যা দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলে। মাত্র কয়েক সপ্তাহের স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির বাইরে, প্রায় পুরো সময়জুড়েই চলেছে বিমান হামলা, গোলাবর্ষণ ও অবরোধ। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই সময়কালে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার।
যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে গাজার কিছু এলাকায় ইসরায়েলি সেনারা পিছু হটতে শুরু করলে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে পরিণত ঘরে ফিরতে শুরু করেছেন। ধুলায় মোড়া রাস্তায় পায়ে হেঁটে তারা গাজা সিটির দিকে ফিরে যান।
স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা (বাংলাদেশ সময় বিকাল ৩টা) থেকে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে বাধ্য থাকবে হামাস, আর ইসরায়েল মুক্তি দেবে শত শত ফিলিস্তিনি বন্দিকে।
