ফিলিপাইনে শক্তিশালী জোড়া ভূমিকম্পে ৭ জনের প্রাণহানি
ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলে জোড়া ভূমিকম্পে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সকালে মিন্দানাও অঞ্চলের মানয় শহরের কাছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তি মানয় শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। কয়েক ঘণ্টা পর একই এলাকায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ৭।
প্রথম ভূমিকম্পেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি ভেঙে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বহু এলাকায়। উপকূলীয় অঞ্চলগুলোতে লোকজনকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
পান্তুকান শহরে একটি সোনার খনির খাদ ধসে পড়ে তিনজন খনি শ্রমিকের মৃত্যু হয়। আরেকটি খনিতে ধস নামায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আহত হন বেশ কয়েকজন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, কিছু টানেল ধসে পড়েছিল, তবে অনেক খনি শ্রমিক শেষ পর্যন্ত বেরিয়ে আসতে সক্ষম হন।
ভূমিকম্পে মানয়ের পাশের মাটি শহরে দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, ভূমিকম্পের ধাক্কায় আরও দুজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের দাভাও সিটিতে একটি ভবন ধসে পড়ে আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রথম ভূমিকম্পের পর ফিলিপাইনের পাশাপাশি ইন্দোনেশিয়াতেও সুনামি সতর্কতা জারি করা হয়, যদিও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত ফিলিপাইন প্রায়ই শক্তিশালী কম্পনের শিকার হয়। ২০২৫ সালের এই ভূমিকম্পটিকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম শক্তিশালী বলে বিবেচনা করা হচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করছে।
