শান্তির নোবেল ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া কোরিনা
সংগৃহীত
এবারের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তার অবিচল সংগ্রামের স্বীকৃতি স্বরূপ নোবেল কমিটি তাকে এই সম্মাননায় ভূষিত করেছে। তবে পুরস্কার হাতে পেয়েই মারিয়া কোরিনা সবাইকে চমকে দিয়ে এটি উৎসর্গ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
এক্সে দেওয়া বার্তায় কোরিনা লেখেন, এই পুরস্কার তিনি উৎসর্গ করছেন ভেনেজুয়েলার দুঃখ-কষ্টে থাকা জনগণের পাশাপাশি ট্রাম্পের সেই ‘দৃঢ় সমর্থন’-এর প্রতি, যা তাদের গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছে।
মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কড়া অবস্থান নেয়। মাদুরোর বিরুদ্ধে মাদকপাচারের অভিযোগ তোলে এবং তার অবস্থান দুর্বল করতে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে, যাতে তার অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়। এমনকি আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার কিছু নৌযানের ওপর হামলাও চালানো হয়, যেগুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ভাষায় ‘মাদকপাচারকারী সন্ত্রাসবাদে’ যুক্ত থাকার অভিযোগ আনা হয়। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন মাদুরো।
ট্রাম্প নিজেও দীর্ঘদিন ধরে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহ লুকাননি। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট থাকার সময় তিনি বিশ্বের অন্তত আটটি বড় সংঘাত থামাতে সহায়তা করেছেন, যার মধ্যে গাজা অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিও রয়েছে। তবে তার দাবি করা বেশিরভাগ শান্তিপ্রক্রিয়া ছিল ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি বা সাময়িক সমঝোতা, দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি নয়।
বিশ্লেষকরা মনে করেন, ইসরাইল ও ইরানের মধ্যে স্বল্পমেয়াদি যুদ্ধ থামানোর ক্ষেত্রে ট্রাম্পের কিছু ভূমিকাও ছিল। তবে ভারত-পাকিস্তানের উত্তেজনা কমানোর যে কৃতিত্ব তিনি নিজেকে দিয়েছেন, তা দিল্লি সরাসরি অস্বীকার করেছে। মিশর ও ইথিওপিয়ার মধ্যে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস বাঁধ নিয়ে চলা বিবাদেও তার প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি। এমনকি সার্বিয়া ও কসোভোর মধ্যে যেসব চুক্তির কথা ট্রাম্প প্রচার করেছিলেন, তার বড় একটি অংশই বাস্তবায়িত হয়নি।
নোবেল না পেয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়াও এসেছে দ্রুত ও তীব্রভাবে। ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চিউং এক্সে লিখেছেন, ট্রাম্প একজন সত্যিকারের মানবতাবাদী, যিনি একাই পাহাড় সরাতে সক্ষম। তার ভাষায়, নোবেল কমিটি প্রমাণ করেছে তারা এখন শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
অন্যদিকে, নোবেল কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রায়ডেন্স এই বিষয়ে বলেছেন, নোবেল কমিটি এমন ক্যাম্পেইন ও জনমত উত্তেজনা অনেকবার দেখেছে। প্রতি বছরই হাজার হাজার প্রস্তাব আসে তাদের কাছে। তবে নোবেল পুরস্কার নির্ধারণ হয় শুধু প্রাপকের কাজ ও আলফ্রেড নোবেলের উইলের ভিত্তিতে।
এইভাবেই শেষ পর্যন্ত পুরস্কারটি গেলো মারিয়া কোরিনা মাচাদোর হাতে, আর তার মাধ্যমে উঠে এলো ভেনেজুয়েলার সাধারণ মানুষের দীর্ঘদিনের গণতান্ত্রিক লড়াইয়ের কাহিনি, সঙ্গে যুক্ত হলো আন্তর্জাতিক রাজনীতির এক আলোচিত অধ্যায়।
