বৃষ্টিতে ভাসলো কলকাতা
সংগৃহীত
দুর্গাপূজা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব। শহর কলকাতাসহ গোটা রাজ্য জুড়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি আর কেনাকাটার ব্যস্ততা। তবে সেই পূজার প্রস্তুতির মাঝেই শনিবার, ২০ সেপ্টেম্বর, কলকাতা শহর হঠাৎ করেই ভিজে গেল মুষলধারে বৃষ্টিতে। দুপুরের পর থেকেই আকাশ কালো হয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল বৃষ্টি, যা শহরের একাধিক অঞ্চলে জল জমার পরিস্থিতি তৈরি করে।
যদিও বর্ষা মৌসুম আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে, তবে আবহাওয়ার আচরণে তা বোঝা যাচ্ছে না। গত কয়েকদিন ধরেই আকাশ ছিল মেঘলা, আর এই অনিয়মিত বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু ব্যবসায়ী ও কুমোরপাড়ার মৃৎশিল্পীরা। প্রতিমা তৈরির কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, রঙ ও সাজসজ্জার কাজে ধীরগতি এসেছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল এবং তা সত্যি প্রমাণিত হয়েছে শনিবারের অবস্থায়। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে, যার ফলে পূজার সময়ও আবহাওয়ার উপরে এর প্রভাব পড়তে পারে এবং বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তরের আরও তথ্য অনুযায়ী, এই মুহূর্তে উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ রেখা সক্রিয় রয়েছে, যা উত্তরবঙ্গের দিকে বেশি প্রভাব ফেলছে। তবে দক্ষিণবঙ্গেও এই নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা দিতে পারে।
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার বিভিন্ন অংশে শনিবার এবং রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
শহরে শুরু হওয়া পূজার উৎসবের আমেজে এই ধরনের আবহাওয়া কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। তবে আবহাওয়ার এই রকম আচরণ পশ্চিমবঙ্গের জন্য নতুন কিছু নয়। এখন শুধু দেখা যাক, পূজার মূল কয়েকটা দিন কেমন থাকে আকাশের মন।
