রেকর্ড পরিমাণ গরমে পুড়ল স্পেন
স্পেনে ২০২৫ সালের গ্রীষ্মকাল ইতিহাসের সবচেয়ে উষ্ণ হিসেবে রেকর্ড হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার জানায়, ১৯৬১ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এত তীব্র গরম আর দেখা যায়নি।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন, জুলাই ও আগস্ট মিলিয়ে গ্রীষ্মের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এ সময় দুটি ভয়াবহ তাপপ্রবাহ আঘাত হানে, যা মোট ৩৩ দিন স্থায়ী হয়। অর্থাৎ গ্রীষ্মের প্রতি তিন দিনের মধ্যে একদিনই অস্বাভাবিক গরমে কেটেছে।
যদিও উত্তর-পূর্বাঞ্চলে কিছু সময় ঝড়-বৃষ্টি হয়েছে, দেশের বাকি অংশ বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চল ছিল অস্বাভাবিকভাবে শুষ্ক। এইমেট জানায়, প্রচণ্ড গরম আর খরার কারণে আগস্টে দাবানল ভয়াবহ রূপ নেয়।
আগস্টের শেষ নাগাদ দাবানলে চার লাখ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে যায়, যা ২০০৬ থেকে ২০২৪ সালের একই সময়ের গড় ক্ষতির তুলনায় ছয় গুণ বেশি।
সংস্থাটি আরও জানিয়েছে, প্রতিবছর স্পেনে গ্রীষ্ম আরও উষ্ণ হয়ে উঠছে এবং এর মারাত্মক প্রভাব পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর। চলতি গ্রীষ্মে তীব্র গরমে অন্তত তিন হাজার ৬৫৬ জনের মৃত্যু হয়েছে। যা গত বছরের গ্রীষ্মে তাপপ্রবাহজনিত মৃত্যুর সংখ্যা (দুই হাজার ১০ জন) থেকে প্রায় দ্বিগুণ।
